যুক্তরাষ্ট্রে ফাইভজি প্লাটফর্ম তৈরির চেষ্টায় হুয়াওয়ে
কালো তালিকাভুক্ত চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের বেশ কিছু টেলিকম কোম্পানির সাথে আলোচনা শুরু করেছে। মূলত ঐসব কোম্পানির কাছে ফাইভজি নেটওয়ার্ক টেকনোলজি লাইসেন্সিংয়ের জন্য এই আলোচনা চলছে। হুয়াওয়ের একজন নির্বাহীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ড পরিচালক ভিনসেন্ট পাং বলেন, কিছু কোম্পানি দীর্ঘমেয়াদী চুক্তি অথবা ওয়ান-অফ ট্রান্সফার করতে আগ্রহী হয়েছে। যদিও তিনি ঐসব কোম্পানির নাম কিংবা সংখ্যা প্রকাশ করেননি।
তিনি বলেন, কিছু কোম্পানি আমাদের সাথে কথা বলেছে। তবে সবকিছু চূড়ান্ত হতে বাস্তবিকভাবে অনেক সময় লাগবে। এই সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় তিনি এসব কথা জানান।
উল্লেখ্য, গ্রাহকদের উপর নজরদারির অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন হুয়াওয়ে’কে কালো তালিকভুক্ত করেছে। এরফলে দেশটিতে ফাইভজি নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ের পথে বাঁধা তৈরি হয়েছে। যদিও হুয়াওয়ে এসব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো ফাইভজি সেবাদানকারী নেই। এছাড়া ইউরোপিয়ান এরিকসন এবং নোকিয়া অধিক ব্যয়বহুল। আর তাই টেলিকম কোম্পানিগুলো হুয়াওয়ের প্রতি আগ্রহী হয়েছে। লাইসেন্স গ্রহণের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে ফাইভজি প্লাটফর্ম তৈরি করতে পারবে।
ডিবিটেক/বিএমটি